গোপালগঞ্জে লোকনাথ বাবার আবির্ভাব উৎসব ও জন্মাষ্টমী উদযাপন
উৎসবমুখর পরিবেশ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে গোপালগঞ্জে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শুক্রবার ও শনিবার গোপালগঞ্জ শহরের লেকেরপাড়ে অবস্থিত সর্বজনীন শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ডা. কে. এম. বাবর উপস্থিত না থাকলেও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন।
এ সময় মন্দির প্রাঙ্গণে ভক্তদের পদচারণায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় সঙ্গীত, পূজা-অর্চনা ও নানা আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানের আয়োজক শ্রী খকন কর্মকার জানান, সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে প্রতিবছরের মতো এবারও যথাযথ ধর্মীয় মর্যাদায় লোকনাথ বাবার আবির্ভাব উৎসব ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয়রাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ ভক্ত অংশগ্রহণ করেন।